নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে পোষা প্রাণীর সুরক্ষা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ভেটকেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিক’স” এর উদ্যোগে সপ্তাহব্যাপী বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ৬ মে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলমান এ ক্যাম্পেইন আগামী ১২ মে পর্যন্ত চলবে।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে  ৩২টি পোষা বিড়ালকে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পোষা প্রাণীকে র‍্যাবিসমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত টিকাদানের বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নার্গিস খানম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের প্যাথবায়োলজি বিভাগের  প্রফেসর ডা. মো. তাইমুর ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, র‍্যাবিস একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা প্রদান করলে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভেট কেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিকের স্বত্বাধিকারী ডাক্তার লুৎফর রহমান বলেন, “বর্তমানে পোষা প্রাণী পালনের প্রবণতা বাড়ছে, কিন্তু অনেকেই এখনও নিয়মিত টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন নন। আমাদের এই ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো পোষা প্রাণীকে নিরাপদ রাখা এবং র‍্যাবিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।”

তিনি আরও বলেন, “পোষা প্রাণীর সুস্থতা নিশ্চিত করতে সময়মতো টিকা প্রদান অত্যন্ত জরুরি। আমরা চাই, প্রতিটি প্রাণী মালিক তাদের পোষা প্রাণীর সুরক্ষায় আরও দায়িত্বশীল হোন।”

উল্লেখ্য, ক্যাম্পেইনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেলিপাড়া, ইমান উদ্দিন সরকার জামে মসজিদ রোড, একিন টাওয়ার, হোল্ডিং ১৯৩/১ অবস্থিত ভেট কেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিকে পরিচালিত হচ্ছে।