WPSA-BB  এর ‘বার্ষিক সাধারণ সভা-২০২৫’ (Annual General Meeting-2025) অনুষ্ঠিত
ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ (Annual General Meeting-202৫) গত ২৯ আগস্ট, ২০২৬ রোজ শনিবার, সন্ধ্যা ৬ টায়, ঢাকা রেজিন্সি হোটেল এবং রিসোর্ট এ অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক (WPSA-BB)। তিনি বলেন, WPSA-BB দেশের পোল্ট্রি শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গুণগত পরিবর্তন আনার জন্য বিভিন্ন সেমিনার ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে। দেশের পোল্ট্রি শিল্পের সামগ্রিক উন্নয়ন এবং গুণগত পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

এরপর সভাপতি শামসুল আরেফিন খালেদ স্বাগত ভাষণ প্রদান করেন। তিনি বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে WPSA-BB-কে আরও সক্রিয়, আধুনিক ও দেশব্যাপী কার্যকর করার চেষ্টা করছে। আমরা বিশ্ব ডিম দিবস, প্রাণিসম্পদ সপ্তাহ, মাস্টার্স গবেষণা অনুদান, নিউজলেটার প্রকাশ, বিভাগীয় কর্মশালা এবং নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেছি। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কর্মশালার মাধ্যমে আমরা ঢাকার বাইরে সদস্য, খামারি, শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছি।

ক্ষুদ্র খামারি ও নারী উদ্যোক্তাদের জন্য আমাদের উদ্যোগটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, সঠিক প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, ভালো ব্যবস্থাপনা এবং বাজার-সংযোগ পেলে ক্ষুদ্র খামারিরাও সফল হতে পারেন। নারীরাও দক্ষ উদ্যোক্তা হিসেবে পরিবার ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারেন। এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়-পোল্ট্রি খাত শুধু ব্যবসা নয়; এটি মানুষের স্বপ্ন, আত্মনির্ভরতা এবং মর্যাদা ও আবেগের সঙ্গে জড়িত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর আহবায়ক মসিউর রহমান
এছাড়া WPSA-BB-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সিরাজুল হক, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে মোঃ আজমল হোসেন, মোহাম্মদ তৌহিদ হোসেন, ডঃ মোঃ শওকত আলী, জয়েন্ট সেক্রেটারি শাহ্ ফাহাদ হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস হোসেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মাহমুদুল হাসান শিকদারসহ নির্বাহী কমিটির সকল সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন।
সংগঠনের কোষাধ্যক্ষ ডাঃ মোঃ নুরুল ইসলাম আর্থিক প্রতিবেদন ও কার্যক্রম তুলে ধরেন। তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে বিগত বছরের অডিট রিপোর্ট উপস্থাপন করেন। একই সাথে আগামী দিনের কার্যক্রমকে বেগবান করতে সংগঠনের পক্ষ থেকে ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন। উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট ও নতুন বাজেট অনুমোদিত হয়।
সাংগঠনিক প্রতিবেদন ও বাজেট পাশের পর পোল্ট্রি শিল্পের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ নাজমুস সাকিব হামিম।  
পরিশেষে, সভাপতির সমাপনী বক্তব্য ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানে সফল সমাপ্তি ঘটে।